
মানিকগঞ্জে জ্বালানি তেল বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কাফাটিয়া ও বালিরটেক বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এ কার্যক্রম পরিচালিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযান চলাকালে দেখা যায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। এ কারণে কাফাটিয়া বাজারের মেসার্স আলী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং বালিরটেক বাজারের দেবনাথ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলেও জানা গেছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে নিয়মিত নজরদারি জোরদার করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সতর্ক করে বলেন, কেউ যদি আইন অমান্য করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



