গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং সরকারি বিধি লঙ্ঘনের দায়ে এক ডিপো মালিককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত আবুল কালাম আজাদ (৫০) ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়াই গোপনে তেল বিক্রি করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভরতখালী হাট এলাকায় অবস্থিত ‘মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স’-এ অভিযান পরিচালনা করা হয়। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ডিপো থেকে ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রির বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছিল না। এর ফলে ভ্রাম্যমাণ আদালত আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন।
প্রসঙ্গত, এর আগেও গত ২৯ মার্চ একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছিল এবং তখন ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা জ্বালানি তেল ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে সাধারণ মানুষের কাছে নির্ধারিত দামে বিক্রি করা হবে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।