স্পেনে দাবানল: জামোরা ও ওরেন্সে আগুন নিয়ন্ত্রণের বাইরে, ১,৭০০ মানুষ সরিয়ে নেওয়া হয়েছে

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

স্পেনে চলমান ভয়াবহ দাবানলে ইতোমধ্যে প্রায় ১,১৫,০০০ হেক্টর জমি পুড়ে গেছে। ওরেন্স ও জামোরার বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রেল ও সড়ক যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওরেন্সের A Mezquita এলাকায় শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে পাশের জামোরার সানাব্রিয়া অঞ্চলে পৌঁছায়। এই দাবানলের কারণে প্রায় ১,৭০০ বাসিন্দাকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুয়েরকাস ও মোলেজুয়েলাস দে লা কারবালেদা এলাকায় রাতের অনুকূল আবহাওয়ার পর আগুন “প্রায় নিয়ন্ত্রণে” এলেও, বেশ কয়েকটি স্থানে পরিস্থিতি এখনও গুরুতর।

দাবানলের কারণে A-52 মহাসড়কসহ অন্তত ১২টি সড়ক বন্ধ রয়েছে। এছাড়া মাদ্রিদ–গ্যালিসিয়া উচ্চগতির ট্রেন (AVE) পরিষেবা স্থগিত রয়েছে, যা কবে চালু হবে তা নিশ্চিত নয়।

বিরোধী দল পার্টিদো পপুলারের নেতা আলবার্তো নুনিয়েজ ফেইজো সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। ইতোমধ্যে Unidad Militar de Emergencias (UME) বাহিনী কাস্তিয়া ও লিয়ন ও গ্যালিসিয়ার ১২টি দাবানলে আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে।

মোলেজুয়েলাস দে লা কারবালেদা–এর দাবানলকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ৩০,০০০ থেকে ৩৭,০০০ হেক্টর জমি পুড়িয়ে ফেলেছে। অন্যদিকে, ওরেন্সের Chandrexa de Queixa এলাকায় পুড়ে গেছে ২৩,৭০০ হেক্টরেরও বেশি জমি।

দেশজুড়ে বর্তমানে ১৬টি দাবানল উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার মধ্যে লিয়ন, আস্তুরিয়াস, এক্সত্রেমাদুরা ও কমিউনিদাদ ভ্যালেন্সিয়ানা অন্তর্ভুক্ত। দাবানলে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সূত্র

El País, HuffPost España, El Confidencial, Cadena SER

Facebook Comments Box