
চলমান সংঘাতে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ এখন অষ্টম দিনে গড়িয়েছে। একের পর এক হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জবাবেও সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে ইরান। সময়ের সঙ্গে সঙ্গে ইরানের যুদ্ধকৌশলের কিছু দিকও স্পষ্ট হয়ে উঠছে।
বিশ্লেষকদের মতে, আরব উপদ্বীপে অবস্থান করা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানানো ইরানের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে রাডার ব্যবস্থায় হামলা চালিয়ে পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ককে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে। কারণ রাডার ধ্বংস হয়ে গেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে বড় ধরনের সমস্যায় পড়ে।
শুক্রবার (৬ মার্চ) পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা করা একটি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৩০ কোটি ডলার মূল্যের এই রাডার ধ্বংস হওয়ায় ওই অঞ্চলে ভবিষ্যৎ হামলা প্রতিরোধের সক্ষমতা দুর্বল হতে পারে।
বিভিন্ন স্যাটেলাইট ছবির বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর দিকেই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি AN/TPY-2 রাডার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও বিমান সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে রাশিয়া—এমন অভিযোগ উঠেছে। তবে মস্কো ঠিক কতটা সহযোগিতা করছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোনগুলো অনেক সময় প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। ছোট আকার, তুলনামূলক কম খরচ এবং রাডারে শনাক্ত করা কঠিন হওয়ায় এসব ড্রোনকে প্রতিহত করা প্যাট্রিয়ট বা থাডের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সব সময় সহজ হচ্ছে না।



