শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের এনআইডি স্থগিত

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারের সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

 

সূত্র জানায়, এনআইডি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় ১৬ ফেব্রুয়ারি, তবে বিষয়টি প্রকাশ্যে আসে ২১ এপ্রিল। যাদের পরিচয়পত্র স্থগিত হয়েছে, তাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক রয়েছেন।

 

এছাড়া তালিকায় রয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, যিনি শেখ রেহানার দেবর, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিক।

 

নথি অনুযায়ী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এনআইডি ‘লক’ করা হলে তা সংশোধন, যাচাই বা হালনাগাদ করা যায় না এবং ব্যবহারযোগ্য থাকে না। তবে, লক অবস্থায়ও ভোটাধিকার প্রয়োগ বা নির্বাচনে প্রার্থী হওয়ায় কোনো বাধা নেই।

Facebook Comments Box