
আগামী জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দায়িত্ব পালনে সহায়তার জন্য ২২০টি নতুন গাড়ি কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে ইউএনওদের জন্য প্রতিস্থাপক হিসেবে ১৯৫টি মিতসুবিশি পাজেরো কিউএক্স (২৪২৭ সিসি) জিপ এবং ডিসি কার্যালয়ের জন্য ২৫টি মাইক্রোবাস কেনা হবে।
প্রতিটি জিপের দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা এবং প্রতিটি মাইক্রোবাসের দাম ৫২ লাখ টাকা। সব মিলিয়ে এই গাড়ি কেনায় ব্যয় হবে প্রায় ৩৪৩ কোটি ২৩ লাখ টাকা। যদিও চলতি অর্থবছরের বাজেটে সরকারি যানবাহন অধিদপ্তরের জন্য ৩২৮ কোটি টাকা বরাদ্দ ছিল, মোট ব্যয় হবে আরও বেশি—৪৪৪ কোটি টাকারও বেশি। এজন্য অতিরিক্ত প্রায় ৯৬ কোটি টাকা অন্য খাত থেকে নেওয়ার অনুমতি দিয়েছে অর্থ বিভাগ।
অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে কিছু শর্তও দেওয়া হয়েছে। নতুন কেনা গাড়ি প্রাধিকারভুক্ত হবে এবং পূর্বে ব্যবহৃত গাড়ি অকেজো ঘোষণা করতে বিআরটিএর পরিদর্শন দলের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় সরকারি ক্রয় আইন-২০০৬ ও বিধিমালা-২০০৮ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ আগস্ট নির্বাচনী কর্মকর্তা ও পরবর্তী সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ২৮০টি গাড়ি কেনার প্রস্তাব দেয়। এর মধ্যে নির্বাচনের পর গঠিত সরকারের সদস্যদের জন্য ৬০টি গাড়ি বরাদ্দের কথা বলা হয়েছে। এসব গাড়ি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় করবে সরকারি যানবাহন অধিদপ্তর।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ব্যবহৃত গাড়িগুলো ২০১৫-১৬ অর্থবছরে কেনা, যেগুলো বারবার মেরামত করতে হচ্ছে। এজন্য নতুন গাড়ি কেনা জরুরি হয়ে পড়েছে।
তবে চলতি অর্থবছরে নতুন যানবাহন কেনা সীমিত করার বিষয়ে সরকারের একটি পরিপত্র থাকলেও এই কেনাকাটায় তা কার্যত উপেক্ষিত হয়েছে। সেই পরিপত্রে বলা হয়েছিল, ১০ বছরের বেশি পুরোনো গাড়ি প্রতিস্থাপনের ক্ষেত্রেই নতুন গাড়ি কেনা যাবে। অথচ মন্ত্রীদের ব্যবহৃত গাড়িগুলোর বয়স এখনো ৯ বছর।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিদেশ সফরে থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। অর্থ সচিবও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, মন্ত্রীদের ব্যবহৃত গাড়িগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী নতুন গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে।


