২০ এপ্রিল থেকে দেশে হামের টিকাদান কার্যক্রম চালু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

দেশে হামের টিকাদান কার্যক্রম শীঘ্রই সারাদেশে শুরু হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশের সব অঞ্চলে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ করেছে এবং তা স্থিতিশীল রয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে হাম নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আগের সরকারগুলো—আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার—টিকা ব্যবস্থাপনায় পর্যাপ্ত মনোযোগ না দেওয়ায় হামের টিকাদানে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরও জানিয়েছেন, দেশের হামের টিকা নিয়ে কোনো ধরনের ঘাটতি নেই।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ২ কোটি ১৯ লাখ হামের টিকা মজুদ রয়েছে এবং মজুত আরও বাড়ানো হচ্ছে। এ বছর দুর্নীতি ও বিলম্ব এড়াতে টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। তিনি সংসদ সদস্যদেরও সতর্ক করেছেন, হামের বিষয়ে অযথা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে। তবে সারাদেশে টিকাদান কার্যক্রম ৩ মে শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা এগিয়ে ২০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে পর্যাপ্ত পরিমাণ হামের টিকা মজুদ রয়েছে। জনগণ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার টিকাদানের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে।” দেশের স্বাস্থ্য খাতের পক্ষ থেকে এই কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box