
খুলনার দিঘলিয়া উপজেলায় এক ছিনতাইয়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার স্টিমার ঘাটের কাছে পপুলার পাট কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, দিঘলিয়ার দেয়াড়া গ্রামের ফ্লেক্সিলোড ব্যবসায়ী তাহিদুল ইসলাম প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনজন অজ্ঞাত ব্যক্তি তার পথ আটকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধস্তাধস্তির মধ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী দলেরই এক সদস্যের শরীরে লাগে। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



