
ভাঙা রেললাইন দেখে তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা এড়ালেন এক কৃষক। দিনাজপুরের বাসিন্দা এনামুল হক রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ লক্ষ্য করে দ্রুত একটি লাঠির সঙ্গে কলার মোচার লাল অংশ বেঁধে সতর্ক সংকেত দেন। তার সেই উদ্যোগে সামনে এগিয়ে আসা ট্রেনটি সময়মতো থেমে যায়, ফলে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি এবং বিষয়টি সরকারি পর্যায়েও গুরুত্ব পায়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজশাহী রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি তার এই সাহসিকতা ও মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে আর্থিক পুরস্কারও প্রদান করা হয়।
উল্লেখ্য, ২৩ মার্চ ভোরের দিকে বিরামপুর ও ফুলবাড়ী স্টেশনের মাঝামাঝি এলাকায় হাঁটার সময় এনামুল হক রেললাইনের একটি বড় অংশ ভাঙা দেখতে পান। ঠিক তখনই একটি ট্রেন ওই পথে এগিয়ে আসছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তিনি ট্রেনটি থামাতে সক্ষম হন, যা একটি বড় দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



