দৌলতদিয়ায় নদীতে ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীসহ পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনায় জড়িত বাসটির (রাজবাড়ী-ব-১১-০০২৪) বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ২৫ মার্চ বিকেল প্রায় ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। সর্বশেষ উদ্ধার তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৫ জন।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বাসটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাগজপত্র ৩ কর্মদিবসের মধ্যে রাজবাড়ী কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। কেন রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যাও দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না পেলে স্থায়ীভাবে নিবন্ধন বাতিলসহ মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ চিঠির অনুলিপি বিআরটিএ সদর দপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টে ডুবে যায়। এ ঘটনায় নারী ও শিশুসহ বাসচালকসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box