
- গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতভর অভিযানে বেরিয়ে এল অবৈধ জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রির চাঞ্চল্যকর চিত্র। ভোক্তা পর্যায়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ধরা পড়ে দুই ব্যবসায়ীর কারসাজি।
শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং জড়িত দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক সংকট ও বাড়তি দামের পেছনে কারা দায়ী—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। এতে মুদি দোকানি আলম মিয়ার দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা ১৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ‘মেসার্স আশা এন্টারপ্রাইজ’ নামে একটি মিনি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে কার্যক্রম চালানো হচ্ছে এবং অনিয়মের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পেট্রোলিয়াম আইন লঙ্ঘন করে অবৈধভাবে তেল মজুত ও বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত তেল সরকারি হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
Facebook Comments Box



