স্ত্রী হত্যার অপরাধে জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী হত্যার একটি আলোচিত মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুজানা আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে নিয়মিত নির্যাতন করা হতো বলে অভিযোগ ওঠে।
ঘটনার দিন ২০২২ সালের ২৪ এপ্রিল, আমিনুল ইসলাম তার স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। সুজানা তা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় নির্যাতন। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয় এবং পেটে লাথি মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য নেওয়া হলেও পরদিন ২৫ এপ্রিল তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনার পরই সুজানার বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ও বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী উপস্থাপন করে। পাশাপাশি আসামি নিজেই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেন, যা মামলার মোড় ঘুরিয়ে দেয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত অভিযোগকে প্রমাণিত মনে করে আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়।
রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে জানায়, এটি ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এবং যৌতুকজনিত সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা বহন করবে।

Facebook Comments Box