নাটোরে অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার শেরকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ‘আশা ট্রেডার্স’-এর মালিক আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি সংকটের মধ্যে গোপনে তেল মজুতের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট উদ্ধার করা হয়। সব মিলিয়ে সেখানে ১১ হাজার লিটারেরও বেশি জ্বালানি তেল পাওয়া যায়।
অভিযানের সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ব্যবসায়ী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়ার কথাও জানানো হয়েছে।
এদিকে উদ্ধার করা জ্বালানি তেল নিয়ন্ত্রিতভাবে বিক্রির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



