
বরিশালের চরমোনাইতে বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমভি মানিক-৪ লঞ্চটি মঙ্গলবার (৩১ মার্চ) রাতে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ থেকে ছাড়ে। ভোররাতে লঞ্চটি যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে থামে। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের অংশ ডুবে যায় এবং দুপুরের দিকে লঞ্চটি সম্পূর্ণ ডুবে যায়। তবে কোনো যাত্রী লঞ্চে উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চের ভেতরের কিছু মুসল্লিদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও লঞ্চ সংশ্লিষ্টরা মনে করছেন, লঞ্চটি ঠিকভাবে বেঁধে না রাখায় পানি কমার সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহও নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আজ (১ এপ্রিল) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।


