ইরানের স্কুলে মারাত্মক হামলার দ্রুত তদন্ত শেষ করার দাবি যুক্তরাষ্ট্রের প্রতি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক যুক্তরাষ্ট্রকে ইরানের একটি বালিকা বিদ্যালয়ে সংঘটিত প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করে ফলাফল প্রকাশের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বৈঠকে তুর্ক বলেন, বোমা হামলায় বিধ্বস্ত শ্রেণিকক্ষ ও শোকাহত পরিবারগুলোর চিত্রই প্রমাণ করে—যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি বহন করছে সাধারণ মানুষ, যারা এসব সিদ্ধান্তে কোনো ভূমিকা রাখে না।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের শাজারে তাইয়েবা নামের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা ভুলবশত চালানো হয়। ধারণা করা হচ্ছে, স্কুলটির কাছে থাকা একটি সামরিক স্থাপনা সম্পর্কে পুরোনো তথ্যের ভিত্তিতেই এই ভুল টার্গেট নির্ধারণ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, হামলায় অন্তত ১৬৮ জন শিশু এবং ১৪ জন শিক্ষক ও কর্মচারী নিহত হয়েছেন।
ভলকার তুর্ক আরও বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জানিয়েছে যে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দ্রুত তদন্ত শেষ করে এর ফলাফল প্রকাশ করতে হবে এবং এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৃহত্তর সামরিক অভিযানের সমালোচনা করে বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় সামরিক পদক্ষেপ নেওয়া একটি কৌশলগত ভুল, যা বেসামরিক মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ঘটনাটি পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হবে এবং বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করেছে।



