ফিলিপাইনে জ্বালানি সংকট: ইরান–যুক্ত যুদ্ধের প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিপাইন বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘর্ষের কারণে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে ফিলিপাইন অন্যতম।
ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক নির্বাহী আদেশে বলেছেন, এই পদক্ষেপ দেশটির জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত এবং বৃহত্তর অর্থনীতিকে রক্ষা করার জন্য সরকারকে আইনি ক্ষমতা দেবে।
আদেশের মাধ্যমে জ্বালানি, খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ পর্যবেক্ষণ করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, সরকার সরাসরি তেল ও পেট্রোলিয়াম ক্রয় করতে পারবে, যা সরবরাহ নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।
ফিলিপাইনের তেলের প্রায় ৯৮ শতাংশ পারস্য উপসাগরের দেশগুলো থেকে আসে। সাম্প্রতিক সময়ে দেশটিতে তেলের দাম অনেক বেড়েছে, বিশেষ করে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
বর্তমান চাহিদা অনুযায়ী ফিলিপাইনের তেলের মজুত প্রায় ৪৫ দিনের, এবং এই জরুরি অবস্থার আদেশ এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। প্রয়োজনে রাষ্ট্রপতি সময়সীমা বাড়ানো বা কমানোর ক্ষমতা রাখেন।

Facebook Comments Box