সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষকদের পেশাগত দায়িত্বে তৎপর থাকার নির্দেশ শিক্ষামন্ত্রীর

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রোববার (২৯ মার্চ) রাজধানীর নায়েমে নতুন জাতীয়করণকৃত সরকারি কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকরা জাতির ‘প্র্যাকটিক্যাল ডক্টর’, যাদের হাতে তৈরি হয় দেশের ভবিষ্যৎ প্রজন্ম। যদি শিক্ষা হয় জাতির মেরুদণ্ড, শিক্ষকরাই সেই মেরুদণ্ডকে সোজা রাখার মূল কারিগর।” তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীদের নিজেদের সন্তান হিসেবে বিবেচনা করে আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের অংশীদার করতে হবে।
শিক্ষা ব্যবস্থার বর্তমান সমস্যার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রিতা শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সিলেবাস সময়মতো শেষ করে, বোর্ডগুলো পরীক্ষা নেওয়ায় দেরি হওয়ায় জাতীয় পর্যায়ে ক্ষতি হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, “শিক্ষার্থীর প্রতিটি সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান সমান ‘সাদকায়ে জারিয়া’।” তিনি নির্দেশ দেন, প্রশিক্ষণ শেষে অভিজ্ঞতা ও সুপারিশগুলো লিখিতভাবে জমা দেওয়া হোক, যাতে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও সময়োপযোগী করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক, মাউশি পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও অন্যান্য উচ্চপদস্থ শিক্ষা কর্মকর্তারা।

Facebook Comments Box