দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস পদ্মায় উল্টে পড়েছে, হতাহতের আশঙ্কা

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভয়াবহ এক দুর্ঘটনায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বহু হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই চারপাশে শুরু হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। স্থানীয়রা ছুটে এসে প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থী বেনজির হোসেন জানান, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর কয়েকজন প্রাণ বাঁচাতে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন—এখন পর্যন্ত অন্তত ৫ থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাকিদের অনেকেই নদীর পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য বর্ণনা করতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উল্টে নদীতে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের সহায়তায় কয়েকজন দ্রুত বেরিয়ে আসতে পারলেও অনেকেই আটকা পড়ে যান।
বর্তমানে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি বিশেষ উদ্ধার ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
নদীর গভীরতা, স্রোত ও সন্ধ্যার আলো-অন্ধকার মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান।

Facebook Comments Box