
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি আনা হয়েছে। লিটারপ্রতি প্রায় ৯০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই মূল্যহার ঘোষণা করা হয়, যা একই দিনের মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্ধারণ অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের মূল্যও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার দাম ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বেশি।
বিইআরসি জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি বাজার, আমদানি ব্যয় এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন মূল্য কার্যকর থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জেট ফুয়েলের এই বড় ধরনের মূল্যবৃদ্ধির প্রভাব বিমান ভাড়ায় পড়তে পারে। বিশেষ করে অভ্যন্তরীণ রুটে ভাড়া বাড়ার সম্ভাবনা বেশি, ফলে যাত্রীদের অতিরিক্ত ব্যয় বহন করতে হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর পরিচালন খরচও বাড়বে।


