
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
মৃত শিশু হুমাইরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে শিশুটি জ্বর, শরীরে ফুসকুড়ি ও দুর্বলতাসহ হামের বিভিন্ন উপসর্গে ভুগছিল। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার শরীরে হাম সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। এরপর ১৯ এপ্রিল শিশুটিকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় এবং বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া শুরু হয়।
কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখা দিলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাকে বাড়িতে নেওয়া হয়। তবে বাড়িতে নেওয়ার পর শুক্রবার সকালে হঠাৎ করে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে আবার হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তিনি বলেন, শিশুদের এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


