বাংলাদেশসহ ছয় দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কিছু ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের জাহাজ চলাচলের সুযোগ রেখেছে ইরান। এ তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম রয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, পশ্চিমা গণমাধ্যমে যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তবে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়। বরং যেসব দেশের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে, তাদের জাহাজ নিরাপদে চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি জানান, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইরাকের জাহাজ ইতোমধ্যে এ সুবিধা পাচ্ছে এবং বাংলাদেশও এর আওতায় রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এই ব্যবস্থা চালু রাখা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।
তবে যেসব দেশ সরাসরি সংঘাতে জড়িত বা ইরানের দৃষ্টিতে প্রতিপক্ষ, তাদের জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কিছু উপসাগরীয় দেশের জাহাজের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়, ফলে এর নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।


